আমি তোমাকে অনেক ভালোবাসি

আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার গল্পের সাথী হতে পারবার স্বপ্নে নিজেকে হারিয়ে ফেলেছি। তোমার প্রতিটি মুহূর্তের খুশির মুহূর্তের পাশে আমি নিজেকে খুঁজেছি।

আমি তোমাকে অনেক ভালোবাসি

প্রিয়

আমি তোমাকে অনেক ভালোবাসি তাই হয়তোবা নিজের মনের লিখাগুলোকে সহস্র চোখের সামনে এনে ঠাট্টার পাত্র হয়েও লিখে চলেছি। হতে পারে তোমাকে পাবার জন্য হয়তোবা আমার এই লিখাগুলো এক অজুহাত। ভালোবাসা বদলে যাবার কথা তো আমরা কতই শুনি। বদলে গিয়ে যদি এই বন্ধন হয় আরও দৃঢ়, তাহলে এও তো এক ভালোবাসার বদলে যাবারই গল্প।

আক্ষেপের সঙ্গী হয়ে আজও এই মুহূর্তে বেঁচে রয়েছি। জীবনের অনেক মুহূর্ত একা পার করেছি। জানিনা আমাদের জীবনে আমাদের আগমনের গল্প কেমন হবে। আমি অদ্ভুত, অতি চিন্তাশীল। কিছু বিষয় মনের বিরুদ্ধে গেলে মেনে নিতে স্বাভাবিকের চাইতে অনেক বেশী কষ্ট হয় কিনা জানিনা। তবে বেশিরভাগ সময় আমি নিজেকে ঠিক রাখতে পারিনা। একটু আঘাতে ভেঙ্গে যাই।

আমি হয়তো তোমার স্বপ্নের মাঝে আসা সেই মানুষটির মতো নই। যার কথা ও লিখায় প্রতিফলিত হয় ভালোবাসার অনুভূতি বাস্তবে সে খুবই সাধারণ কেউ। আমি তেমন কেউ নেই যে তোমার জীবনের কষ্টগুলোকে তোমার থেকে আপন করে নিয়ে তোমার মনের মতো করে লাঘব করতে পারে। গল্পের, ছন্দের ভাষায় অনেকেই অনেক রকম ভাবে অবাস্তব স্বপ্নের কথা বলে। বাস্তবে সেই স্বপ্ন পূর্ণতা পায় না সবার জীবনে।

আমিও হয়তো একরকম কল্পনায় তোমার জন্য ভেবে নিয়ে রাখি কত স্বপ্নের কথা। তবে এগুলো আসলে বাস্তবে হয় না।

আমি বার বার চেষ্টা করে চলেছি জীবনের অন্য স্বপ্নগুলোকে এমনভাবে নিজের করে নিতে যাতে তোমার কাছে আসবার পরে যেন হারিয়ে যাবার মতো আক্ষেপের গল্পের সৃষ্টি না হয়।

আমি অপেক্ষা করতে অভ্যস্ত হয়ে গিয়েছি। প্রতিনিয়ত ধৈর্য রেখে জীবনের সাথে এগিয়ে চলতে শিখছি। “জীবনের সেই পর্বের স্বপ্ন নিয়ে পরে ভেবে দেখবো” এই ভেবে রেখেছি। তবে প্রতিদিনের ব্যস্ততার শেষে একটু নীরবতার সঙ্গী হয়ে যেতে হয়। মাঝে মাঝে অদ্ভুত ভালো লাগে এই মুহূর্ত। কারণ জীবনের কোন আক্ষেপের কারণ হয়ে আমি আর নেই। আবার কেন যেন মনে হয় তোমাকে আজই খুঁজে নিজের করে পাবার একটু সম্ভাবনাও কি রয়েছে? স্বপ্নের পূর্ণতাকে আলিঙ্গন করে নিয়ে বাঁচবার ইচ্ছের কি কোন মূল্য নেই?

জানিনা এই ভাবনার সমাপ্তি রয়েছে কিনা। তবে যেনে রেখো, আমি অপেক্ষা করে যাবো। আমি তোমাকে আজও নিজের করে নিতে না পারবার সব দায় আমার। কারণ আমি অনেক ভয় পাই পেয়ে হারবার গল্পগুলোকে। কিন্তু তুমি বিশ্বাস করো কিংবা না করো, আমি নিজেকে বদলে ফেলার চেষ্টার কমতি রাখছি না। যদি একটি বার একসাথে বাঁচবার একবিন্দু সম্ভাবনা জীবনে আসে তাহলে আমি ধন্য। আমি তোমার হয়ে থাকবো। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং ভালবাসবো।

পরবর্তী লিখা – প্রিয়, তোমার জন্য অপেক্ষা

Leave a Comment