জীবনের গল্পটা যদি এমন হতো যা ইচ্ছে ছিল তাই পূর্ণতা পেত! মন থেকে সেই মুহূর্তে যেই খুশি অনুভূত হতো তা হয়তো আজীবন মনে থাকতো।
জীবনের গল্পটা যদি এমন হতো
জীবনের গল্পটা যদি এমন হতো যেন নিজের মনের মত সিদ্ধান্ত নিয়েসবাইকে খুশি করতে পারতাম।
জীবনের গল্পে সব কিছু এলোমেলো মনে হয়। এক এক মুহূর্তের সুন্দর কিংবা কষ্টের স্মৃতি একেক সময় মাথাচাড়া দিয়ে ওঠে। কোনো আক্ষেপ হয় কিনা জানি না। তবে ইচ্ছে গুলো তো সত্যি ছিল। স্বপ্নগুলোর কথা ভেবে অজান্তে মুখে হাসি চলে আসতো।
ছোটবেলায় কিছু স্বপ্ন দেখেছিলাম যা মাঝে মাঝে মনে পড়লে নিজেকে ব্যর্থ মনে হয়। কেন আমি সবার বিরুদ্ধে যাই নি? কেন আমি বলি নি যে, “আমি যেতে চাই না, আমি মায়া ছাড়তে পারবো না।”? জানি না। তাহলে হয়তো জীবনের গন্তব্য অন্যরকম হতো।
বাড়ি ফিরতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত। জ্যাম এ বসে কত আফসোস হতো, যদি বাকিদের মতো আমার বাসায় পৌছাতে কম সময় লাগত! তাহলে হয়তো কষ্ট কম হতো। হয়তো আরও আগে বাড়ি ফিরে বিশ্রাম নিয়ে পড়তে পারতাম! হয়তো আরও ভালো ফলাফল করতে পারতাম।
যদি কিছু বিষয় নিজেকে বোঝাতে পারতাম, নিজের মনের বিরুদ্ধে গিয়ে তখন কষ্ট করতাম তাহলে হয়তো জীবনের গল্পটা অন্যরকম হতো।
এক অদ্ভুত অনুভূতি যা ভোলার মত না। এক জোড়া চোখের চাহনি চোখ বন্ধ করলে দেখা দেয়। আজও মনে হয় সবকিছু যদি সেই আগের মত হয়ে যেত। সবকিছু যদি ঠিক তেমন হয়ে যেত যেমন স্বপ্ন দেখে অপেক্ষায় ছিলাম এক সুন্দর শুরুর।
এমন যদি হতো জীবনের অপ্রাপ্তির পাতায় সেই স্বপ্নের উপস্থিতি না থাকতো, যেই স্বপ্নের কথা ভেবে আজও মাঝে মাঝে কষ্ট হয়। কেন হয়নি, কেন পারলাম না জানি না। তবে সেই সময়ের ইচ্ছা পূরণের জন্য কম আকুতি করি নি। নিজের কাছে নিজেকে অনেক ছোট হতে হয়েছে। তবুও আমি পারি নি।
এমন অনেক কিছু নিয়ে মনে অনেক ভাবনা চলে আসে। জীবনের গল্পটা যদি এমন হতো তাহলে হয়তোবা নিজের মনকে সেই মুহূর্তগুলোতে খুশি করতে পারতাম।
কিন্তু এগুলো নিয়ে এতো ভাবলেও কিছুই আর বদলাবে না। অতীতে সেই সময়ে যা হতে পারতো, তা এখনকার জন্য না। সব পাবার গল্প সবার জীবনে থাকে না। জীবনের অপ্রাপ্তির পাতাগুলো জীবনের অর্জনের পাতার মতই মনে গেথে থাকে।