নিজের কাছে আমি হেরেছি ৷ আমি অপরাধী হয়েছি প্রতিনিয়ত৷ নিজেকে নিজে অনেক কথা দিয়েছিলাম। রাখতে পারলাম না।
পারিনি তার কথাগুলোও রাখতে, যাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলাম। যা ছিল মনের অনেক গভীরে, তা আজ শুধুই এক দুঃখের প্রতিচ্ছবি। স্বপ্নগুলো বড় বেশি আপন ছিল, তাই হয়তো তাদের ভেঙে যাওয়াটা এত বেশি কষ্টের। সবকিছুর মাঝেই যেন আমি তার জন্য বেঁচে ছিলাম, কিন্তু এখন মনে হয়, সে আমার জীবনের ভুল সবচেয়ে বড় সিদ্ধান্ত।
নিজের কাছে আমি হেরেছি
এখনকার বাস্তবতা আমাকে সেই পরাজয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় প্রতিনিয়ত। প্রতিদিন নিজেকে বোঝাতে চেয়েছি যে, আমি শক্ত, যে এই অনুভূতিগুলো অস্থায়ী, একদিন ঠিক কেটে যাবে। কিন্তু বাস্তবতা সে কথা মানতে নারাজ। নিজের কাছে হারতে হয়, কারণ নিজের থেকে পালানো সম্ভব নয়।
কখনো নিজের কাছে হারতে হয় যখন তুমি বুঝতে পারো তুমি যা চেয়েছিলে তা তোমার প্রাপ্য ছিল না। আর কখনো বা অন্যের কারণে হার মানতে হয়, যখন তুমি সেই মানুষটাকে পাওয়ার পরেও ধরে রাখতে পারো না। এই দুই ধরনের পরাজয়ের মধ্যে সবচেয়ে কঠিন হলো, নিজের ভুলের বোঝা বইতে পারা। ক্ষমা করতে হয় নিজেকে, কিন্তু ক্ষমার উপযুক্ত কারণ খুঁজে পাওয়া এত সহজ নয়।
আমি জানি না, কিভাবে নিজেকে ক্ষমা করব। আমি সবসময় ভেবেছি, আমি তার জন্য যথেষ্ট হব। কিন্তু সত্যিটা বুঝতে অনেক দেরি হয়ে গিয়েছিল। হয়তো আমি তার যোগ্য ছিলাম না। তবুও কেন আমি তাকে আমার জীবনে চাইলাম? কেনই বা তাকে এত কষ্ট দিলাম? কেন তার জীবনে আমার উপস্থিতি ছিল এত ক্ষণস্থায়ী, অথচ এত গভীর প্রভাব রেখে গেল?
সে তো কখনো আমার হতে চায়নি। তবু কেন আমি তার মন জয় করার জন্য এতটা চেষ্টা করেছিলাম? মন জয় করার পরও কেন তাকে ধরে রাখতে পারলাম না? একবার তাকে পাওয়ার পর হারানোর কষ্ট বোধহয় আরও বেশি গাঢ় হয়ে আসে। তার জীবন তো ছিল অনেক স্বাভাবিক, সুন্দর, এক ছন্দময় যাপন। আমি কেন মাঝখানে এসে সেই ছন্দ ভাঙলাম? তার জীবনের ধারাবাহিকতাকে কেন আমার কারণে এমন অস্থিরতার মুখে ঠেলে দিলাম?
আজও মনে হয়, আমি তার জীবনে অপ্রয়োজনীয় এক অধ্যায় হয়েই রয়ে গেলাম। কেন আমি তার হতে চেয়েও হতে পারলাম না? জানি না, এসব প্রশ্নের উত্তর কবে পাবো বা আদৌ কখনো এই প্রশ্নগুলোকে ভুলে যেতে পারব কিনা। একসময় তাকে আমার বলে ভাবতে ভালো লাগত, কিন্তু এখন আমার চিন্তাগুলো শুধুই এক অসম্পূর্ণ অধ্যায়ের মতো মনে হয়।
জীবনের এই আঘাতগুলো অদ্ভুত। মানুষের জীবনে অনেক আঘাত আসে, কিন্তু সব আঘাত সমানভাবে অনুভব করা যায় না। কিছু আঘাত একেবারে ভেতরের গভীরে গিয়ে আঘাত করে, আর সেই আঘাতগুলো কখনো ভোলা যায় না। এই কষ্টগুলো আমি নিজেই তৈরি করেছি, নিজের ইচ্ছেতেই বরণ করেছি। সবকিছুকে ভুল বুঝে, সবকিছু থেকে নিজের ভুল বের করে, আজ আমি এই শূন্যতার মধ্যে ডুবে আছি।
একটা সময় ছিল, যখন ভাবতাম, এই কষ্টগুলোকে মেনে নিতে পারবো। বারবার নিজেকে বলতাম, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজ এত বছর পর, আমি বুঝতে পেরেছি, কিছু কষ্ট আছে যা মেনে নেওয়া যায় না। এই শূন্যতাকে আমি নিজের সঙ্গী করে নিয়েছি, কারণ এর থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।
একটি কাজ শিখে তাতে বারবার ব্যর্থ হয়েও তাতে লেগে থাকা—এটাই যেন আমার জীবনের প্রতিচ্ছবি। সবাই বলে এতে তো কোনো ভবিষ্যৎ নেই, কিন্তু আমি এখনও লেগে থাকি। তেমনি, আজও তাকে ভালোবাসি। আজও তার স্মৃতির মধ্যে বেঁচে আছি। মন আর কাউকে আপন করতে পারেনি, অন্য কারো সাথে সেই সম্পর্ক গড়ে উঠেনি, যেমনটা তার সাথে হয়েছিল। মনে হয়, আমি যেন সেই ফাঁকা জায়গা পূরণ করতে পারিনি আর কখনো পারবও না।
মাঝে মাঝে মনে হয়, সব ছেড়ে দিয়ে উড়ে যেতে দিই। জোর করে আটকে রাখার ইচ্ছে আর নেই। কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন হয়তো এমনই যে তাদের ছেড়ে দেয়াই ভালো। তাকে যদি সত্যিই ভালোবাসি, তবে হয়তো আমার উচিত তার জন্য নতুন স্বপ্নের দুয়ার খুলে দেওয়া। নতুন স্বপ্নের উদ্দেশ্যে আজ সে মুক্ত হয়ে যাক।
আমরা যদি কখনো আমাদের না হই, অন্তত যেন একে অপরকে ভুলে যেতে পারি। তার প্রতি আমার ভালবাসা ছিল, আছে, থাকবে। কিন্তু সেটা তার স্বাধীনতার মধ্যে থেকে, তার ভালো থাকার মধ্যে থেকে। যদি কখনো আমাদের পথে ফের দেখা হয়, তবে যেন আমাদের স্মৃতি আমাদের হাসিতে ভরে ওঠে, কান্নায় নয়। আর যদি বাস্তবতা আমাদের এক করে, তবে তা যেন আমাদের সুখের পথে নিয়ে যায়। তবে এত সব কিছুর পরেও আমি জানি, নিজের কাছে আমি হেরেছি।